
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএইচই) বিভাগের "বিদায় সংবর্ধনা ২০২৬" বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বেলুন উড্ডয়ন, কেক কাটা, র্যালি ও বৃক্ষরোপণের মাধ্যমে দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহিদ আবু সাঈদ প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে আয়োজিত মূল সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নানা দিকনির্দেশনা প্রদান করেন।
উপাচার্য বলেন, "শিক্ষাজীবনের এই অধ্যায় শেষ করে তোমরা বাস্তব জগতের দিকে পা বাড়াচ্ছ। একাডেমিক জ্ঞানের পাশাপাশি ম্যানেজমেন্ট, প্রেজেন্টেশন ও লিডারশিপ স্কিল কাজে লাগানোর এখনই উপযুক্ত সময়। এ বিভাগ থেকে অর্জিত প্রসেস ইঞ্জিনিয়ারিং, গবেষণা ও বিশ্লেষণী দক্ষতা তোমাদের সার কারখানা, ওষুধ শিল্প, টেক্সটাইল, খাদ্য প্রক্রিয়াকরণ, পেট্রোকেমিক্যাল ও জ্বালানি খাতসহ বিস্তৃত কর্মক্ষেত্রে সাফল্যের পথ সুগম করবে।"
দেশের চলমান শিল্পায়ন ও কেমিক্যাল প্রকৌশলীদের ভূমিকা তুলে ধরে তিনি আরও বলেন, "গার্মেন্টস শিল্পের প্রসারের সাথে সাথে জ্বালানি নিরাপত্তা, পরিবেশবান্ধব উৎপাদন ও নতুন প্রযুক্তির ব্যবহারে দক্ষ কেমিক্যাল ইঞ্জিনিয়ারের চাহিদা বাড়ছে। আন্তর্জাতিক প্রতিযোগিতা ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় আজীবন শেখার মানসিকতা, উচ্চতর প্রশিক্ষণ এবং উদ্ভাবনী গবেষণায় যুক্ত থাকতে হবে। নৈতিকতা ও পেশাদারত্বের সাথে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে দেশের টেকসই শিল্প উন্নয়নে ভূমিকা রাখতে হবে।"
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. রুমা এবং পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে আয়োজিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার (কালচারাল নাইট) মাধ্যমে।




