
শিক্ষার্থীদের বৃত্তি ও টিউশন সুবিধা আরও সহজলভ্য করতে নতুন ওয়েবসাইট চালু করেছে মোরাল প্যারেন্টিং ট্রাস্ট ‘মোরাল মেন্টরস’। প্ল্যাটফর্মটির মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসেই বৃত্তি ও টিউশনের জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছে সংগঠনটি।
মোরাল মেন্টরসের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মানসম্মত টিউশন সুবিধা দেওয়া এবং পড়াশোনার পথ সহজ করাই তাদের অন্যতম লক্ষ্য। পাশাপাশি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের বৃত্তি সহায়তাও দিয়ে আসছে সংগঠনটি।
মোরাল প্যারেন্ট জবি ক্যাম্পাস সিআর ফজলে রাব্বি বলেন, ‘আমাদের সেবাকে আরও সহজ ও আধুনিক করার লক্ষ্যে সম্প্রতি মোরাল মেন্টরসের নতুন ওয়েবসাইট চালু করেছি। এখন থেকে যেকোনো শিক্ষার্থী ঘরে বসেই ওয়েবসাইটের মাধ্যমে সহজে স্কলারশিপ ও টিউশনের জন্য আবেদন করতে পারবে।’
মোরাল চাইল্ড জাহাঙ্গীর আলম বলেন, ‘নতুন ওয়েবসাইট চালু হওয়ায় শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ও টিউশন সুবিধা পাওয়া আরও সহজ হবে। আগে এসব সুযোগের তথ্য সংগ্রহ ও আবেদন করতে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হতো। এখন ঘরে বসেই আবেদন করা সম্ভব হবে। এই উদ্যোগ অনেক শিক্ষার্থীকে পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করবে বলে মনে করি।’
সংগঠনটির তথ্য অনুযায়ী, মোরাল মেন্টরস ‘মোরাল প্যারেন্ট’, ‘মোরাল চাইল্ড’ ও ‘ক্যাম্পাস গার্ডিয়ান’—এই তিনটি স্তরে কার্যক্রম পরিচালনা করে। আর্থিক সহায়তার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার, প্রোগ্রামিং, আইইএলটিএস, ডিজিটাল মার্কেটিং, ভাষা শিক্ষা ও নেতৃত্ব উন্নয়নসহ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়।
এ ছাড়া ভলান্টিয়ারিং, বই পড়া উৎসব, ইংলিশ আড্ডা এবং বিনামূল্যে চিকিৎসাসেবাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।
মোরাল মেন্টরসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সংগঠনটির কার্যক্রমের সঙ্গে ১ হাজার ৫৫৮ জন মোরাল চাইল্ড, ৫৯৬ জন মোরাল প্যারেন্ট এবং ৯৬ জন ক্যাম্পাস গার্ডিয়ান যুক্ত ছিলেন। https://moralmentors.org/




