
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন সেবায় সিট দখল, নবীন শিক্ষার্থীদের আসন পেতে বাধা ও হেনস্তার মতো কর্মকাণ্ড বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারিক বিন আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একতলা, দ্বিতল ও বিআরটিসি থেকে ভাড়াকৃত বাসে খাতা, কলম, পানির বোতল, ব্যাগ, মানিব্যাগ কিংবা শিট রেখে আগে থেকেই সিট দখলের প্রবণতা দেখা যাচ্ছে। পাশাপাশি বাস কমিটির প্রভাব খাটানো এবং নবীন শিক্ষার্থীদের আসন পেতে বাধা দেওয়া বা হেনস্তার বিষয়টিও প্রশাসনের নজরে এসেছে।
এ ধরনের আচরণ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা, সাধারণ শিষ্টাচার ও পারস্পরিক সৌহার্দ্যের পরিপন্থী উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, সিট দখল কিংবা প্রভাব বিস্তারের মাধ্যমে অন্য শিক্ষার্থীদের সঙ্গে অসম আচরণকে র্যাগিং হিসেবে গণ্য করা হবে। এসব কর্মকাণ্ড শৃঙ্খলাভঙ্গ ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।
নির্দেশনায় বাসের সিটে ব্যক্তিগত জিনিসপত্র রেখে আগে থেকে আসন দখল নিষিদ্ধ করা হয়েছে। নবীন বা জুনিয়র শিক্ষার্থীদের বসতে বাধা দেওয়া, বাস কমিটির প্রভাব খাটানো কিংবা কোনো ধরনের মানসিক ও শারীরিক হেনস্তা করা যাবে না। এসব ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী প্রশাসনিক ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া পরিবহন সেবার যেকোনো যানবাহনের ভেতরে ধূমপান এবং মাদকদ্রব্য বহন বা সেবন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাস ছাড়ার নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে শিক্ষার্থীদের জন্য বাসের দরজা খুলে দেওয়া হবে। চালক ও হেলপারদেরও নির্ধারিত সময়ের আগে দরজা খুলে দেওয়ার পাশাপাশি বাসে অবৈধভাবে সিট দখল বা কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা গেলে তা প্রশাসনকে জানাতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট শিক্ষার্থী, চালক ও পরিবহন কর্মচারীদের নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণের অনুরোধ জানিয়েছে।




