
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে অর্থনীতি বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী মাসুদ ও লোকপ্রশাসন বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী ইমনের পরিচয় পাওয়া গেছে।
ক্যাম্পাস সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, জবি ছাত্রদলের ১৭ নম্বর যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের দেওয়া একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংগঠনের দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ভিক্টোরিয়া পার্কসংলগ্ন একটি চায়ের দোকানের সামনে দুই পক্ষের নেতাকর্মীরা অবস্থান নেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টাহামলার ঘটনা ঘটে। পরে ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে এক পক্ষের নেতাকর্মীরা ক্যাম্পাসের দিকে চলে আসেন। এ সময় কাঁঠালতলা এলাকায় রড, পাইপ ও বাঁশ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার সময় জবি ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন ক্যাম্পাস থেকে চলে যান বলে জানা গেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্যাম্পাসে অবস্থান নেন।
এ বিষয়ে জবি প্রক্টর অধ্যাপক ড. আজম খান বলেন, দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ডাকা হয়। পুলিশ আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
আহতদের বিষয়ে প্রক্টর বলেন, গুরুতর আহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে দু-একজন সামান্য আঘাত পেয়ে থাকতে পারেন।




