
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ আট নেতাকর্মীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একই অভিযোগে জবি ছাত্রদলের আরেক যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন—জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজ শাহরিয়ার, সদস্য মো. ইসরাফিল ইসলাম রাফিল, মাসুম রেজা, ইয়াসিন সাইফ, ইমরান হোসেন ইমন, মনিরুজ্জামান মনির ও মো. সৌরভুর রহমান সুজন এবং ছাত্রনেতা কাব্য সাহা। এর মধ্যে কাব্য সাহাকে সংগঠনের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে জবি শাখার সাত নেতাকে সাংগঠনিক পদ থেকে এবং কাব্য সাহাকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে, নাহিয়ান বিন হক অনিককে দেওয়া কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, জবি শাখার দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে। তাঁকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
রোববার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে সদস্যসচিব শামসুল আরেফীন ও যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এ বিরোধের সূত্রপাত বলে জানা গেছে।
এরও আগে, ১৬ সেপ্টেম্বর জবি ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠানের কনসার্ট চলাকালে সংগঠনটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কাঁঠালতলা এলাকায় ওই ঘটনায় কয়েকজন আহত হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কনসার্টে স্টেজে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কির পর সংঘর্ষের সূত্রপাত হয়।
রোববারের সংঘর্ষে কয়েকজন আহত হন। আহতদের মধ্যে অর্থনীতি বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী মাদুদ এবং লোকপ্রশাসন বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী ইমনের পরিচয় পাওয়া গেছে।
সংঘর্ষের বিষয়ে জবি প্রক্টর অধ্যাপক ড. আজম খান বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন সামান্য আহত হয়েছেন। পরে পরিস্থিতি শান্ত হয়েছে।




