
মাদক ও জুয়া প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদক ও জুয়ার বিস্তার রোধ এবং এ বিষয়ে সচেতনতা বাড়াতে কমিটি গঠন করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মাদক ও জুয়ার ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
তবে এসব কমিটি কবে নাগাদ গঠন করা হবে, কমিটির সদস্য হিসেবে কারা থাকবেন কিংবা কমিটির কার্যক্রম ও দায়িত্ব সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সম্প্রতি মাদক ও জুয়াকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে এসব নির্মূলে কার্যকর পদক্ষেপ নেয়ার সুপারিশ করে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সুপারিশ করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদক ও জুয়া প্রতিরোধে প্রাতিষ্ঠানিকভাবে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।




