
তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের (STEM) প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশের লক্ষ্যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে (WUB) অনুষ্ঠিত হয়েছে ‘WUB STEM Carnival 2026’।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দিনব্যাপী এ কার্নিভালের আয়োজন করা হয়। এতে দেশের শতাধিক কলেজের এইচএসসি, এ লেভেল ও আলিম পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেয়। বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতা ও উদ্ভাবনী কার্যক্রমের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের জ্ঞান, সৃজনশীলতা, বিশ্লেষণী চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা তুলে ধরার সুযোগ পায়।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. নুরুল ইসলাম। তাঁর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডিং ট্রেজারার মোর্শেদা চৌধুরী অডিটোরিয়ামে কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর জাকি ইমাম, ডিন অব একাডেমিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিসার্চ প্রফেসর ড. এ.কিউ.এম. শফিউল আজম এবং ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ্জামান।
কার্নিভালে চারটি প্রধান ইভেন্টের আয়োজন করা হয়—Mathematical Olympiad, Science & ICT Olympiad, Quiz Competition এবং Project Showcasing। প্রতিযোগিতাগুলোতে অংশ নিয়ে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা প্রদর্শন করে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিজয়ীদের জন্য মোট ৩ লাখ টাকা প্রাইজমানি রাখা হয়। পুরস্কারের পাশাপাশি বিজয়ীদের সনদ ও ক্রেস্ট এবং অংশগ্রহণকারীদের অংশগ্রহণ সনদ দেওয়া হয়।
কার্নিভালের অন্যতম আকর্ষণ ছিল ‘Project Showcasing’। এতে শিক্ষার্থীদের বিভিন্ন দল রোবোটিক্স, টেকসই উন্নয়ন, প্রকৌশল নকশাসহ নানা ক্ষেত্রে তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে। দুই থেকে চার সদস্যের দলগুলো নিজেদের ধারণাকে বাস্তবসম্মত সমাধানে রূপ দেওয়ার সক্ষমতা, প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীলতা তুলে ধরে।
সকাল ৯টায় রেজিস্ট্রেশন ও রিসেপশনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী আয়োজন। এরপর পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় বিভিন্ন অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা। বিকেলে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্নিভালের আনুষ্ঠানিক সমাপ্তি হয়।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে বৈজ্ঞানিক ধারণা বিনিময়, সহপাঠীদের কাছ থেকে শেখা এবং দলগতভাবে কাজ করার সুযোগ পায়। পাশাপাশি সমস্যা সমাধান, সমালোচনামূলক চিন্তাভাবনা, উপস্থাপনা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশেও কার্নিভালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তোলা, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় দক্ষতা গড়ে তোলার ক্ষেত্রে WUB STEM Carnival 2026 একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে বলে জানান আয়োজকরা।




