
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বৃহষ্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বর্ণিল সাজে সেজে ওঠে কলেজ ক্যাম্পাস। শিক্ষক-শিক্ষিকারা ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জহিরুল হক ও উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন নবী (অব.)।
তিনি বলেন, ‘একাদশ শ্রেণি পড়াশোনার একটি নতুন ধাপ। এটি এমন একটি সময়, যা তোমাদের ভবিষ্যৎ পথরেখা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ তিনি আরও বলেন, ‘আজ থেকে শুরু হলো একটি সফল স্বপ্নের অভিযাত্রা। এই স্বপ্নযাত্রায় সারথি হয়ে তোমাদের পাশে থাকবে মাইলস্টোন কলেজ।’
ওরিয়েন্টেশন ক্লাসে শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবন, পড়াশোনার কৌশল, সময় ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনটি কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।




