
বর্ণাঢ্য আয়োজন, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাসকো স্কুল কাঞ্চনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে শনিবার সকালে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ২০২৬ সালের ক্যামব্রিজ আইজিসিএসই ও-লেভেল পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান। ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষক ও অভিভাবকদের অবদানও তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক করে গড়ে তুলতে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থার গুরুত্ব অনেক। শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা নয়, শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বগুণ, নৈতিকতা ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেকে প্রতিষ্ঠিত করার সক্ষমতা তৈরির ওপর গুরুত্ব দিতে হবে।
মাসকো স্কুল কাঞ্চন দীর্ঘ ১২ বছর ধরে স্থানীয় শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষার সুযোগ করে দেওয়ার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বক্তারা আরও বলেন, ক্যামব্রিজ কারিকুলামের মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্বমানের উচ্চশিক্ষার জন্য প্রস্তুত করার পাশাপাশি তাদের চিন্তাশক্তি ও দক্ষতা বিকাশে বিদ্যালয়টি কাজ করছে। আগামী দিনেও শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে প্রতিষ্ঠানটির কার্যক্রম অব্যাহত থাকবে।




