
শিক্ষা, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও যুক্তরাজ্যের অক্সফোর্ড কলেজ অব এডুকেশন লিমিটেডের (OCE) মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের উপস্থিতিতে তার কনফারেন্স রুমে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
সমঝোতা স্মারকের আওতায় জবির শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, পেশাগত সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থানযোগ্যতা বাড়ানোর পাশাপাশি ইংরেজি ভাষা শিক্ষা এবং অনলাইন শিক্ষার সুযোগ সম্প্রসারণে কাজ করবে দুই প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন এবং অক্সফোর্ড কলেজ অব এডুকেশন লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক ও সিইও জসিম উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক অনলাইন কোর্স, ইংরেজি ভাষা শিক্ষা ও IELTS প্রস্তুতিমূলক অনলাইন কর্মসূচি পরিচালনার সুযোগ থাকবে। এ ছাড়া পারস্পরিক সম্মতির ভিত্তিতে অন্যান্য একাডেমিক ও পেশাগত উন্নয়নমূলক কার্যক্রমও পরিচালিত হবে।
সমঝোতার আওতায় যোগ্য জবি শিক্ষার্থীরা OCE-এর বিভিন্ন শিক্ষামূলক ও দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। কর্মসূচির ধরন অনুযায়ী ইন্টারঅ্যাক্টিভ ও অংশগ্রহণমূলক শিক্ষার উপকরণ, মূল্যায়ন ব্যবস্থা, অনুশীলনমূলক প্রশ্নপত্র, মক টেস্ট, দিকনির্দেশনা ও পরামর্শ পাওয়ার সুযোগ থাকবে।
এ ছাড়া OCE-এর কোনো কোর্সের নির্ধারিত শর্ত পূরণকারী শিক্ষার্থীদের কোর্স সমাপ্তির সনদ বা প্রয়োজনীয় নথিপত্র দেওয়ার সুযোগ থাকবে। যোগ্যতার মানদণ্ড ও সংশ্লিষ্ট কোর্সের শর্ত পূরণ সাপেক্ষে জবির যোগ্য শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নমূলক কোর্সে বিশেষ ছাড় দেওয়ার ব্যবস্থাও থাকবে। তবে এসব কোর্সের নির্ধারিত ফি অংশগ্রহণকারীকে পরিশোধ করতে হবে।
সমঝোতা অনুযায়ী, কর্মসূচিগুলোতে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ সম্পূর্ণ ঐচ্ছিক। প্রতিটি কর্মসূচির নির্ধারিত শর্ত, যোগ্যতার মানদণ্ড, ফি ও অন্যান্য প্রযোজ্য নিয়ম মেনেই এতে অংশ নিতে হবে।
চুক্তিটি প্রাথমিকভাবে তিন বছরের জন্য সম্পাদিত হয়েছে। এ সময়ের মধ্যে দুই প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জবি শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণে কাজ করবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক (বহিরাঙ্গণ কার্যক্রম) অধ্যাপক ড. নাছির আহমাদ, ছাত্র হল-১-এর প্রভোস্ট অধ্যাপক ড. মো. ওমর ফারুক, অক্সফোর্ড কলেজ অব এডুকেশন লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর ড. আশরাফ আবেদিল এবং উপদেষ্টা ও বাংলাদেশের প্রতিনিধি ড. আবদুল্লাহ আল ফারুকী উপস্থিত ছিলেন।




