
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হিসেবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন খুলনার পাইকগাছার মেধাবী আব্দুল্লাহ আল মামুন।
চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ২০০ প্রার্থীর মধ্যে তার অবস্থান ১৩৬ তম।
মেধাবী এ তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি পাশ করেন।
আব্দুল্লাহ আল মামুন পাইকগাছা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড গোপালপুর গ্রামের মাওলানা এনামুল হক গাজীর ছেলে। তার মা হ্যাপিয়ারা বেগম পেশায় একজন গৃহিণী । আব্দুল্লাহ রাজশাহীর আল-মারকাযুল ইসলামী আস-সালাফী থেকে দাখিল এবং গাজীপুরের টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে আলিম পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ‘খ’ ইউনিটে তিনি ১১তম এবং ‘ঘ’ ইউনিটে প্রথম স্থান অর্জন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন তিনি।
জুডিশিয়াল সার্ভিসে আসার পথটি তার জন্য খুব সহজ ছিল না। প্রথমবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় অংশ নিয়ে কাঙ্ক্ষিত সাফল্য পাননি। এতে হতাশ না হয়ে পরবর্তীর জন্য আরো ভালো প্রস্তুতি নেয় তিনি। নিজের সাফল্যের অনুভূতি জানিয়ে আব্দুল্লাহ আল মামুন বলেন, গত ৮ বছর এই দিনের অপেক্ষায় ছিলাম।
নিজের অদম্য ইচ্ছা শক্তি আর চেষ্টা দীর্ঘ প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত সাফল্য এনে দিয়েছে। নিজের সাফল্যের পেছনে বাবা-মায়ের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করে বলেন, সফলতার পেছনে নিজের স্বপ্ন ও পরিশ্রমের পাশাপাশি বাবা-মায়ের অবদান সবচেয়ে বেশি।
আমার এই স্বপ্ন পূরণ করার মতো সক্ষমতা আমার আছে তাঁরা এটা মনে-প্রাণে বিশ্বাস করতেন। বাবা-মায়ের এই আস্থা ও বিশ্বাসই আমাকে প্রতিনিয়ত পরিশ্রম করার মানসিক শক্তি জুগিয়েছে।
তার এ সাফল্যের জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে আব্দুল্লাহ বলেন দেশের মানুষকে আইনী সেবা প্রদান করার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।




