
শিক্ষার্থীদের কম্পিউটার-এইডেড ডিজাইন (CAD) বিষয়ে ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি এবং শিল্পভিত্তিক প্রকৌশল কাজের জন্য প্রস্তুত করতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে (WUB) শুরু হয়েছে ‘প্রফেশনাল সলিডওয়ার্কস (SolidWorks) বুটক্যাম্প’।
বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (MTE) বিভাগ ও WUB-MTE ক্লাবের যৌথ উদ্যোগে গত ২১ সেপ্টেম্বর এ বুটক্যাম্পের কার্যক্রম শুরু হয়। দুই মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে মোট ২৪টি ক্লাস অনুষ্ঠিত হবে।
প্রকৌশল ও পণ্য ডিজাইনে বহুল ব্যবহৃত CAD প্ল্যাটফর্ম সলিডওয়ার্কসের ওপর শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়াই এ বুটক্যাম্পের মূল লক্ষ্য। WUB-MTE ক্লাবের প্রধান উপদেষ্টা ফারহান মাহবুব এবং ফ্যাকাল্টি অ্যাডভাইজার আহমেদ ফারহানের তত্ত্বাবধানে কার্যক্রমটি পরিচালিত হচ্ছে।
প্রশিক্ষণ সেশন পরিচালনা করছেন সার্টিফাইড সলিডওয়ার্কস অ্যাসোসিয়েট (CSWA) রায়হান আহমেদ মুন্না এবং রোটন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের CAD ডিজাইনার সায়মুর রহমান। তাত্ত্বিক আলোচনার পাশাপাশি ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীদের পেশাদার থ্রি-ডি (3D) মডেলিং ও মেকানিক্যাল ডিজাইনের প্রয়োজনীয় বিভিন্ন টুলস এবং কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
বুটক্যাম্পের পাঠ্যক্রমে স্কেচিংয়ের মৌলিক বিষয়, পার্ট মডেলিং, অ্যাসেম্বলি ডিজাইন এবং একটি চূড়ান্ত প্রকৌশল প্রকল্প তৈরির বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পভিত্তিক এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা অর্জিত জ্ঞান বাস্তব প্রকৌশল ডিজাইনে প্রয়োগের সুযোগ পাবেন।
বুটক্যাম্প সফলভাবে সম্পন্নকারী সব অংশগ্রহণকারীকে সনদপত্র দেওয়া হবে। পাশাপাশি পুরো প্রশিক্ষণজুড়ে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সেরা তিনজন অংশগ্রহণকারীকে বিশেষ পুরস্কার দেওয়া হবে।
আয়োজকদের মতে, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিক ও শিল্প-উপযোগী দক্ষতা অর্জনের সুযোগ করে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। CAD ও ডিজাইন বিষয়ে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মজীবনের জন্য প্রস্তুত প্রকৌশলী গড়ে তুলতে বুটক্যাম্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শ্রেণিকক্ষের শিক্ষার সঙ্গে পেশাগত কাজের বাস্তব প্রয়োগের ব্যবধান কমাতে দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুত করতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ তার একাডেমিক বিভাগ ও ছাত্র সংগঠনগুলোকে নিয়মিত উৎসাহিত করে আসছে।




