
জাপান-বাংলাদেশ যৌথ গবেষণা প্রকল্পের (জেএসপিএস-ইউজিসি দ্বিপক্ষীয় যৌথ গবেষণা প্রকল্প) প্রকল্প সদস্য ও জাপান সোসাইটি ফর দ্য প্রমোশন অব সায়েন্সের (জেএসপিএস) গবেষণা ফেলো হিসেবে গবেষণার কাজে জাপান যাচ্ছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম।
সোমবার (৫ অক্টোবর) রাতে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। জাপানে অবস্থানকালে তাঁর গবেষণাসংক্রান্ত যাবতীয় ব্যয় জাপান সরকার বহন করবে বলে জানা গেছে।
মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী ড. এ. বি. এম. সাইফুল ইসলাম ‘Reduction of arsenic contamination from rice fields through engineered biochar application: A fundamental understanding of metallomics at the soil-biochar interface’ শীর্ষক জাপান-বাংলাদেশ যৌথ গবেষণা প্রকল্পের অন্যতম গবেষক ও গবেষণা ফেলো। প্রকল্পটির জাপান অংশের নেতৃত্ব দিচ্ছেন তোহোকু বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তোময়ুকি মাকিনো। বাংলাদেশ অংশের নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম।
প্রকল্পটির অন্যান্য গবেষকদের মধ্যে রয়েছেন পবিপ্রবির আন্তর্জাতিক শিক্ষার্থী বিষয়ক পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) পরিকল্পনা পরিচালক ড. হাবিব মোহাম্মদ নাসের এবং প্রকল্পের প্রধান গবেষক ও সমন্বয়ক পবিপ্রবির কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. শামীম মিয়া। অধ্যাপক ড. শামীম মিয়া বর্তমানে অস্ট্রেলিয়ার নিউ ইংল্যান্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম একজন বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী (পেডোলজিস্ট)। বাংলাদেশের চলন বিলের মাটির শ্রেণিবিন্যাস নিয়ে গবেষণার মাধ্যমে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি পবিপ্রবির উপ-উপাচার্যের দায়িত্ব পালন করছেন। জাপান সফরের জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।




