
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত হয়েছে। "শিক্ষকদের পাশে দাঁড়াই, পেশা সুরক্ষার ৬০ বছর: মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠন" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষক কমিটির যৌথ উদ্যোগে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ ড. মু. মিজানুর রহমান বলেন, "একটি আদর্শ ও সুশিক্ষিত জাতি গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষকতার পেশাগত মর্যাদা রক্ষা ও তাঁদের উপযুক্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।"
অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে তাঁদের বিভিন্ন সমস্যা, দাবী-দাওয়া ও পেশাগত সুযোগ-সুবিধার বিষয়গুলো তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন উপস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মজনু মিয়া, ইউএইচএফপিও ডা ফারহানা নবী, অধ্যক্ষ ওবাইদুর রহমান, এবং প্রধান শিক্ষক তাজামুল হক ও আব্দুর রহিমসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
আলোচনা সভা শেষে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান ও অসামান্য সেবার স্বীকৃতিস্বরূপ উপজেলার ৫ জন গুণী শিক্ষককে বিশেষ সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।




