
‘শিক্ষকদের পাশে—৬০ বছর, পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে র্যালিটি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ নুরুল হুদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জসিম উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এটিও হাসিবুল ইসলাম এবং আজমিরীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাজাহান শেখ।
আলোচনা সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং সাংবাদিকরা বক্তব্য দেন। বক্তারা শিক্ষকদের মর্যাদা রক্ষা, পেশাগত নিরাপত্তা ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন।




