
‘বিশ্ব শিক্ষক দিবস ২০২৬’ উপলক্ষে পিরোজপুরের জিয়ানগরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ এলাকায় এসে শেষ হয়। র্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
পরে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ওলিউর রহমান রুবেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার অশোক রায়।
সভায় বক্তারা বলেন, একটি জাতির শিক্ষা, সংস্কৃতি ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হয়। শিক্ষকদের যথাযথ মর্যাদা, পেশাগত উন্নয়ন ও কর্মপরিবেশ নিশ্চিত করার ওপরও বক্তারা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি মো. আহসানুল হক ছগির। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, জিয়ানগর সরকারি কলেজের অধ্যাপক মো. জাকারিয়া হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনসুর হেলাল, এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন গাজী, সিনিয়র শিক্ষক মো. আরিফুজ্জামান, শিক্ষক মো. গোলাম রাব্বানীসহ অনেকে।
বক্তারা বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষা প্রশাসন ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সমন্বিত ভূমিকা প্রয়োজন। শিক্ষকদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রেখে একটি দক্ষ, মানবিক ও জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তোলার আহ্বান জানান তারা।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




