
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় আরও ছয় ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। পরে সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি বিবৃতিতে বিষয়টি জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন রাবি ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসান এবং ছাত্রনেতা বিশাল চক্রবর্তী।
শোকজ পাওয়া ছয়জন হলেন সহসভাপতি তাকবীর আহমেদ ইমন, শরিফুল ইসলাম, বুলবুল রহমান, ফারুক হোসেন, সহদপ্তর সম্পাদক শাহারিয়ার আলম ও ছাত্রদল কর্মী সাজু।
বিবৃতিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে আহসান হাবিব ও হাসিব হাসানকে সাংগঠনিক পদ থেকে এবং বিশাল চক্রবর্তীকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে শোকজ পাওয়া নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, শোকজ পাওয়া নেতাদের ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।




