
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে (বাউয়েট) বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ‘আইইইই দিবস ২০২৬’ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্যানোরমা ভবনে আইইইই বাউয়েট স্টুডেন্ট ব্রাঞ্চের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রকৌশল শিক্ষায় গবেষণা, উদ্ভাবন, পেশাগত দক্ষতা, নৈতিকতা ও জীবনব্যাপী শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের পাশাপাশি আইইইই-এর বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের অংশ হিসেবে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির বাংলাদেশ-ইন্ডিয়া পাওয়ার ট্রান্সমিশন সেন্টারের নির্বাহী প্রকৌশলী মো. শাখাওয়াত হোসাইন ‘উচ্চ ভোল্টেজ সরাসরি বিদ্যুৎ প্রবাহ আন্তঃসংযোগের মাধ্যমে বাংলাদেশে আন্তঃসীমান্ত বিদ্যুৎ আমদানি: প্রযুক্তি, পরিচালনা ও জাতীয় গ্রিডে সংযুক্তি’ শীর্ষক কারিগরি সেমিনার পরিচালনা করেন।
সেমিনারে আধুনিক বিদ্যুৎ সঞ্চালন প্রযুক্তি, আন্তঃদেশীয় বিদ্যুৎ আমদানি এবং জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায় এসব প্রযুক্তির প্রয়োগ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।
অন্য একটি সেশনে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সাবেক সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর প্রকৌশলী মো. শেখ শাদী ‘ডিগ্রির গণ্ডি পেরিয়ে: প্রকৌশল শিক্ষা ও শিল্পখাতের মধ্যে সেতুবন্ধন’ শীর্ষক সেমিনার পরিচালনা করেন। তিনি একাডেমিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা ও পেশাগত যোগ্যতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি যোগাযোগ দক্ষতা, দলগত কাজ, নেতৃত্ব, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানো, সমস্যা সমাধান এবং ধারাবাহিকভাবে শেখার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি আমন্ত্রিত বক্তাদের জ্ঞান ও পেশাগত অভিজ্ঞতা শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে সফলভাবে অনুষ্ঠান আয়োজনের জন্য আইইইই বাউয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ, শিক্ষক উপদেষ্টা, শিক্ষার্থী স্বেচ্ছাসেবক, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।
পরে আমন্ত্রিত বক্তাদের হাতে ক্রেস্ট তুলে দেন উপাচার্য। পাশাপাশি কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইইই বিভাগের শিক্ষার্থী ফারহান ও তুলি।
অনুষ্ঠানে পরীক্ষা নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত ট্রেজারার কর্নেল হ্লা হেন মং পিবিজিএমএস (অব.), রেজিস্ট্রার কর্নেল দেওয়ান মো. লিয়াকত আলী (অব.), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, ইইই বিভাগের প্রফেসর ড. মো. ওসমান গণি, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




