
তরুণ প্রজন্মের মধ্যে সহমর্মিতা, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) আয়োজিত হয়েছে ‘Empathy, Tolerance and Social Cohesion: Building a Better Society’ শীর্ষক সেমিনার।
বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত বিইউপির ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের (এফএএসএস) সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে স্বাধীনতা অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তারা বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক প্রভাবে তরুণদের চিন্তাভাবনা, মূল্যবোধ ও পারস্পরিক যোগাযোগের ধরনে পরিবর্তন আসছে। এর ফলে নতুন সম্ভাবনার পাশাপাশি অসহিষ্ণুতা, মতপার্থক্য ও সামাজিক মেরুকরণের ঝুঁকিও তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে সহমর্মিতা, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের চর্চা বাড়ানো জরুরি।
সেমিনারে মূল বক্তা (Keynote Speaker) হিসেবে বক্তব্য দেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি।
প্যানেল আলোচনায় অংশ নেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব জেনারেল এডুকেশনের ডিন ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিয়া হক এবং বিইউপির সমাজবিজ্ঞান বিভাগের লেকচারার শাম্মি আক্তার।
বক্তারা সামাজিক সম্প্রীতি জোরদারে তরুণদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভিন্নমত ও ভিন্ন পরিচয়ের মানুষের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব গড়ে তোলা এবং সহনশীলতার চর্চার মাধ্যমে বিভাজন কমিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান।
সেমিনারে বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।




