
পদোন্নতি, অর্গানোগ্রামসহ বিভিন্ন দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তৃতীয় শ্রেণির কর্মচারীদের চলমান অবস্থান কর্মসূচি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। উপাচার্যের আশ্বাসে গত ৭ অক্টোবর থেকে চলা এ কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত কর্মচারীরা।
রোববার (১১ অক্টোবর) সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান তাঁরা।
কর্মচারীরা জানান, গত ৯ অক্টোবর সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আন্দোলনরত কর্মচারীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে উপাচার্যের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা, পদোন্নতি, অর্গানোগ্রামসহ বিভিন্ন দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উপাচার্য কর্মচারীদের দাবিগুলোর যৌক্তিকতা স্বীকার করে নিয়মতান্ত্রিক উপায়ে সেগুলো সমাধানের জন্য আগামী ৩১ অক্টোবরের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
কর্মচারী নেতারা জানান, বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা, শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে এবং উপাচার্যের আশ্বাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁরা অবস্থান কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলোর দৃশ্যমান ও স্থায়ী সমাধান না হলে কর্মচারীদের সঙ্গে আলোচনা করে পুনরায় আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।




