
নোয়াখালী সরকারি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের বিদায়ী বিভাগীয় প্রধান অধ্যাপক মোজাম্মেলুল হককে ভালোবাসা ও শ্রদ্ধার নিদর্শন হিসেবে পবিত্র ওমরাহ পালনের প্যাকেজ উপহার দিয়েছেন তাঁর সাবেক শিক্ষার্থীরা।
রোববার (২৩ আগস্ট) স্থানীয় একটি মিলনায়তনে অধ্যাপক মোজাম্মেলুল হকের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের (তৃতীয় ব্যাচ) সাবেক শিক্ষার্থীরা তাঁদের প্রিয় শিক্ষককে সম্মান ও ভালোবাসার নিদর্শন হিসেবে এই বিশেষ উপহার দেন।
শিক্ষার্থীদের এমন ভালোবাসা ও সম্মাননায় আবেগাপ্লুত হয়ে পড়েন অধ্যাপক মোজাম্মেলুল হক। প্রিয় শিক্ষকের প্রতি সাবেক শিক্ষার্থীদের এই শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত সবার মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
অনুষ্ঠানে ইসলাম শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এবিএম সানা উল্লাহ।
জানা গেছে, দীর্ঘদিন নোয়াখালী সরকারি কলেজে ইসলাম শিক্ষা বিষয়ে শিক্ষকতা ও বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন অধ্যাপক মোজাম্মেলুল হক। দীর্ঘ এই কর্মজীবনে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে তার গভীর সম্পর্ক গড়ে ওঠে।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রিয় শিক্ষককে বিদায় জানাতে বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত হন। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকের প্রতি শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসার নিদর্শন হিসেবে বিভিন্ন উপহার তুলে দেন।
এরই অংশ হিসেবে ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষের (তৃতীয় ব্যাচ) সাবেক শিক্ষার্থীরা অধ্যাপক মোজাম্মেলুল হকের জন্য পবিত্র ওমরাহ পালনের একটি প্যাকেজ উপহার দেন।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা অধ্যাপক মোজাম্মেলুল হকের দীর্ঘ শিক্ষকতা জীবনের অবদান স্মরণ করেন এবং তার অবসরজীবন সুস্থতা, শান্তি ও কল্যাণে কাটুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।




