
তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব মারা গেছেন। মঙ্গলবার ভোর ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেছে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ। ডিরেক্টরস গিল্ডের সভাপতি শহীদুজ্জামান সেলিম, সাধারণ সম্পাদক ফরিদুল হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সম্মানিত সদস্য মারুফ হোসেন সজীব আজ ভোর ৫ টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি ও পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মঙ্গলবার বাদ জোহর রাজধানীর উত্তরার ১২ নং সেক্টর মসজিদে মারুফ হোসেন সজীবের জানাজা শেষে ১২ নং সেক্টরের কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলেও এ বিবৃতিতে জানানো হয়েছে। নাট্যকার মারুফ হোসেন সজীবের মৃত্যুর কারণ বিবৃতিতে উল্লেখ করেনি ডিরেক্টরস গিল্ড। তবে নির্মাতা আশিকুর রহমান জানান, হার্টের সমস্যায় ভুগছিলেন মারুফ হোসেন সজীব। কিছুদিন আগেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি।
তরুণ নাট্যকারের আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না তার সহকর্মীরা। অভিনয়শিল্পী, নির্মাতারা শোক প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এক শোক বার্তায় বলেন, ‘আমাদের সকলের প্রিয় নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’
স্মৃতিচারণ করে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বলেন, ‘মারুফ হোসেন সজীব ভাইয়ের সঙ্গে খুব বেশি কাজ করা হয়নি, কিন্তু অনেকবার দেখা হয়েছে। আমি যখন নিয়মিত নাটক করতাম, তখন উনার সঙ্গে দেখা হলেই কত কিছু নিয়ে কথা হতো। কত পরিকল্পনা, কত আইডিয়া ছিল উনার। আরো কত কিছু করতে চেয়েছিলেন।’
দোয়া প্রার্থনা করে মেহজাবীন চৌধুরী বলেন, ‘আল্লাহ যেন সজীব ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবার ও প্রিয়জনদের এই কঠিন সময় সহ্য করার শক্তি ও সবর দান করেন। সবাই উনার জন্য দোয়া করবেন।’
সজীবের মৃত্যুতে শোকাহত অভিনেত্রী তাসনুভা তিশা। তিনি বলেন, ‘কিছু মানুষের হঠাৎ করে চলে যাওয়াটা সত্যিই মানা কষ্ট। মারুফ হাসান সজীব ভাইয়া তার সাথে যতবার দেখা হয়েছে, প্রতিবারই তার আন্তরিকতা আর সুন্দর ব্যবহার মনে দাগ কেটেছে। তিনি শুধু একজন গুণী পরিচালক ছিলেন না। একজন সত্যিকারের ভালো মানুষও ছিলেন। আজ তার চলে যাওয়ার খবর শুনে মনটা ভারী হয়ে আছে। শোক ভাষায় প্রকাশ করার মতো নয়। আল্লাহ তার সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দিন। তার রূহের মাগফিরাত করুন, জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’
মারুফ হোসেন সজীবের মৃত্যুর খবরে স্তব্ধ অভিনেতা তৌসিফ মাহবুব। এ অভিনেতা বলেন, ‘আজ সকালে ঘুম থেকে উঠে এমন একটা খারাপ খবর পাব, সত্যি বলতে একদমই আশা করিনি। নিউজটা পাওয়ার পর কীভাবে প্রসেস করব, সেটাই বুঝতে আমার প্রায় পনেরো-বিশ মিনিট লেগে গেছে। অনেকক্ষণ থমকে ছিলাম। এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে মারুফ হোসেন সজীব ভাই আর আমাদের মাঝে নেই।’
মারুফ হোসেন সজীবের সঙ্গে নতুন কাজ নিয়ে পরিকল্পনা হয়েছিল তৌসিফ মাহবুবের। তা স্মরণ করে এই অভিনেতা বলেন, ‘অথচ সেদিনই তো কথা হলো। সামনে কাজ হবে, দেখা হবে, কত স্বাভাবিক কিছু ভবিষ্যৎ পরিকল্পনা ছিল আমাদের কথায়। অথচ জীবন যে কতটা অনিশ্চিত, কতটা ছোট, মৃত্যু আবারো খুব নির্মমভাবে সেটা মনে করিয়ে দিল। আমরা প্রতিদিন কত কিছু নিয়ে ব্যস্ত থাকি। আগামীকাল কী করব, পরের সপ্তাহে কোথায় যাব, কার সঙ্গে দেখা হবে, এসব নিয়েই আমাদের সমস্ত পরিকল্পনা। অথচ কখন যে কার জীবনের শেষ দিন, সেটা আমরা কেউ জানি না। আপনার আত্মার শান্তি কামনা করি। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’
শোবিজ অঙ্গনের অনেক তারকাই এমন পোস্ট দিয়ে স্মৃতিচারণ ও শোক প্রকাশ করেছেন। এ তালিকায় রয়েছেন—অভিনেতা রওনক হাসান, অভিনেত্রী আয়মান সাদিক, জুঁই জান্নাত প্রমুখ।
মারুফ হোসেন সজীব একাধারে নাটক রচনা ও পরিচালনা করতেন। তার নির্মিত জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে—‘বিকেল বেলার ছাদ’, ‘দুষ্ট মিষ্টি প্রেম’, ‘আদরের চাঁদ’, ‘জোড়া শালিকের ঘর’, ‘বিলোপ’, ‘বাবুই পাখির বাসা’, ‘রঙিন কাগজ’, ‘আধার’, ‘সিকিউরিটি গার্ল’, ‘তোমাকে পাওয়ার জন্য’, ‘হাসি’, ‘জলকৌড়ি’, ‘দু’জন দুজনার’, ‘বাবলার জাদুর বাক্স’, ‘আজকাল তুমি আমি’, ‘১০০ বিঘা ফুল বাগান’, ‘মুমতা’, ‘মেঘলা’, ‘নুসাইবা’, ‘খুশি’, ‘আজ আকাশে চাঁদ নেই’, ‘কথা বন্ধু’, ‘কাজল চোখের মেয়ে’, ‘আপনারা আমাকে শুনুন’ প্রভৃতি।




