
বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নিজেকে নতুনভাবে তুলে ধরছেন অভিনেত্রী দীপা খন্দকার। সম্প্রতি মহিন খান পরিচালিত মিনি সিরিজ ‘কর্মফল’-এ একেবারেই ভিন্ন ও চ্যালেঞ্জিং একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। এবার নতুন দুটি ধারাবাহিকে ভিন্ন ধরনের চরিত্রে দেখা যাবে তাকে।
হাসান রেজাউলের পরিচালনায় দীপ্ত টিভিতে শিগগিরই প্রচারে আসছে ‘বকুলপুর সিজন ৩’। আহমেদ শাহাবুদ্দিনের রচনায় নির্মিত এ ধারাবাহিকে অন্যতম প্রধান চরিত্র মেহেরজান রূপে দেখা যাবে দীপাকে। মেহেরজান গ্রামের একজন রাজনীতিবিদ। এ ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত দীপা।
অন্যদিকে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’তেও অভিনয় করছেন। এর আগে রাজের ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে ফাতেমা ফুফুর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। নতুন ধারাবাহিকে একেবারেই ভিন্ন ধরনের একটি চরিত্রে দেখা যাবে তাকে। এতে দীপার সহশিল্পী হিসেবে আছেন জাহিদ হাসান।
দীপা খন্দকার বলেন, ‘হাসান রেজাউলের পরিচালনায় বেশ কয়েক বছর আগে একটি নাটকে অভিনয় করেছিলাম। ধারাবাহিকে এবারই প্রথম তার নির্দেশনায় কাজ করা। রেজাউল বেশ যত্ন নিয়ে কাজ করে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে তার নির্দেশনায় কাজ করতে। তাছাড়া মেহেরজান চরিত্রটিও আমার কাছে খুব ভালো লেগেছে। যে কারণে আমি এ চরিত্র নিয়ে খুব আশাবাদী।’




