
পাকিস্তানের প্রবীণ কৌতুক অভিনেতা, পরিচালক ও প্রযোজক আসিফ ইকবালা মারা গেছেন। শনিবার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬০ বছর। আর প্রখ্যাত এই অভিনেতার মৃত্যুতে দেশটির থিয়েটার ও কৌতুক জগতে শোকের ছায়া নেমেছে। সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, অভিনেতার পরিবারের সদস্যরা জানিয়েছেন- আসিফ ইকবাল হার্ট অ্যাটাক করলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। কিন্তু চিকিৎসকরা চেষ্টা করেও ফেরাতে পারেননি তাকে।
এদিকে তার আকস্মিক মৃত্যুতে পাকিস্তানের বিনোদন ও নাট্যাঙ্গনে শোয়ের ছায়া নেমেছে। ইন্ডাস্ট্রির সহশিল্পী, ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও সাংস্কৃতিমনা ব্যক্তিরা তাদের শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে কয়েক দশক জুড়ে তার বিস্তৃত ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধাও জানিয়েছেন তারা।
প্রতিবেদন অনুযায়ী, আসিফ ইকবাল কয়েক প্রজন্মের দর্শকের কাছে কেবল একজন জনপ্রিয় কৌতুক অভিনেতাই ছিলেন না, একইসঙ্গে ছিলেন পাঞ্জাবি মঞ্চ কৌতুক অভিনেতার এক আদর্শ মুখ। তার প্রাণবন্ত ও আইকনিক অভিনয়ের জন্য ‘ফিনা’ চরিত্র এবং ডাকনামের মাধ্যমে নিজস্ব এক স্বতন্ত্র পরিচয় তৈরি করেছিলেন তিনি।
তার অভিনয় প্রায়ই হাস্যরসাত্মক দুষ্টুমি. দ্রুতগতির সংলাপ ও সহশিল্পীদের সঙ্গে মিথস্ক্রিয়ার ওপর ভিত্তি করে করা হতো। সময় ও উপস্থিত বুদ্ধি দিয়ে হাস্যরস তৈরির ক্ষমতা দেশটির লাইভ থিয়েটার সার্কিটে এক সুপরিচিত ব্যক্তিত্বেও পরিণত করেছিল এ অভিনেতাকে। পাঞ্জাবেরে গুজরানওয়ালায় জন্ম আসিফ ইকবালের। তার বাবা ছিলেন একজন রেলওয়ে স্টেশন মাস্টার। ১৯৮৮ সালে তার বাবা এবং ২০০০ সালে তার মায়ের মৃত্যু হয়। শোবিজে অভিষেকের আগে ক্রিকেটের সঙ্গে নিবিড় সম্পর্ক ছিল তার।




