
মঞ্চে সহ-অভিনেতার সঙ্গে অভিনয়ের সময় এক অভিনেত্রীর ঘনিষ্ঠ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইরানে একটি নাট্যদলের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছেন দেশটির প্রসিকিউটররা। একই সঙ্গে ঘটনাটি নিয়ে তদন্তও শুরু হয়েছে। প্রসিকিউটরদের দাবি, মঞ্চের ওই দৃশ্য দেশটির সামাজিক মূল্যবোধের পরিপন্থি।
সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ‘তেহরান প্যারিস তেহরান’ নামের নাটকটিতে সারা নামের এক তরুণীর গল্প তুলে ধরা হয়েছে। বাবার হত্যার প্রতিশোধ নিতে তেহরান থেকে প্যারিসে পাড়ি জমান তিনি। পরে আবার তেহরানে ফিরে আসেন।
নাটকটির একটি দৃশ্য নিয়েই মূলত বিতর্কের সূত্রপাত। দর্শকদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, প্রধান অভিনেত্রী ফাতেমেহ মাসৌদিফার মঞ্চে সহ-অভিনেতা মেহরদাদ সেদিঘিয়ানের সঙ্গে পারফর্ম করছেন। একপর্যায়ে তিনি ওই অভিনেতার বুকের দিকে মাথা ঝুঁকিয়ে রাখেন। এ সময় মেহরদাদকে তার মাথার ওপর হাত রাখতে দেখা যায়।
মঞ্চের ওই দৃশ্য দর্শকদের মোবাইল ফোনে ধারণ হয়ে পরে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি ইরানি কর্তৃপক্ষের নজরে আসে। এরপর নাট্যদলটির বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয় এবং ঘটনাটি তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে ইরানে ইসলামি আইন মেনে চলা হয়। দেশটির আইন অনুযায়ী, আত্মীয়তার সম্পর্ক নেই এমন নারী-পুরুষের মধ্যে প্রকাশ্যে যেকোনো ধরনের শারীরিক স্পর্শ নিষিদ্ধ এবং নাটকের মঞ্চও এই নিয়মের বাইরে নয়।
তবে দৃশ্যটি নিয়ে সমালোচনা শুরু হতেই প্রযোজনা সংস্থা শনিবার (২৬ সেপ্টেম্বর) জানিয়েছে, একটি নির্দিষ্ট কোণ (টাইট অ্যাঙ্গেল) থেকে এবং খুব কাছ থেকে মোবাইলে ধারণ করা হয়েছে ভিডিওটি। এ কারণে ভিডিওটি এমন দেখাচ্ছে।
প্রযোজনা সংস্থা আরও জানিয়েছে, দৃশ্যের চরিত্র দুটি সম্পর্কে ভাই-বোন; যার অর্থ ইসলাম আইন অনুযায়ী তাদের মধ্যে এমন শারীরিক স্পর্শ নিষিদ্ধ নয়। আর দৃশ্যটি গল্পের একটি সংকটময় মুহূর্তে এসেছিল।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের ধর্মীয় আইন লঙ্ঘনের অভিযোগে দেশটির শিল্পীদের বিরুদ্ধে সাম্প্রতিক ধারাবাহিক আইনি ব্যবস্থার অংশ হিসেবে এই নতুন মামলা যুক্ত হলো। চলতি সপ্তাহের শুরুতে কোম শহরের একটি আপিল আদালত সংগীতশিল্পী পরাস্তু আহমদী এবং আরও সাত শিল্পীর সাজা বহাল রেখেছেন।
২০২৪ সালের ডিসেম্বরে হিজাব ছাড়া একটি ইউটিউব কনসার্টে পারফর্ম করার কারণে তাদের এই দণ্ড দেয়া হয়েছে। রায়ে তাদের সবাইকে ৭৪টি করে বেত্রাঘাতের দণ্ডও দেয়া হয়। একইসঙ্গে আগামী দুই বছরের জন্য তাদের পারফর্ম করা এবং বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।




