
ভেনিস ও টরন্টোর পর এবার ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার আরো কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এরই মধ্যে আটটি প্রথম সারির উৎসবে আমন্ত্রণ পেয়েছে সিনেমাটি। আগামী মাসে লন্ডন, শিকাগো, টোকিওসহ একাধিক উৎসবে প্রদর্শিত হবে সিনেমাটি।
৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওরিজোন্তি প্রতিযোগিতা বিভাগে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর ৫০তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেন্টারপিস বিভাগে প্রদর্শিত হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এরপর আগামী ১ অক্টোবর থেকে কানাডায় অনুষ্ঠেয় ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা বিভাগে প্রদর্শিত হবে সিনেমাটি।
অক্টোবরে আরো কয়েকটি উৎসবে দেখা যাবে সিনেমাটি। ৭-১৮ অক্টোবর অনুষ্ঠেয় ৭০তম বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল কম্পিটিশনে অংশ নেবে দ্য ডিফিকাল্ট ব্রাইড। সেখানে সেরা চলচ্চিত্র পুরস্কারের জন্য প্রতিযোগিতা করবে সিনেমাটি। ৯-১৮ অক্টোবর স্পেনে অনুষ্ঠেয় ৫৯তম সিতজেস আন্তর্জাতিক ফ্যান্টাস্টিক চলচ্চিত্র উৎসবের নোভেস ভিশনস বিভাগেও প্রদর্শিত হবে এটি।
এরপর ফ্রান্সের লা রোশ-সুর-ইয়ঁ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। যুক্তরাষ্ট্রের ৬২তম শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ইন্টারন্যাশনাল কম্পিটিশনেও নির্বাচিত হয়েছে সিনেমাটি। সেখানে ১৭ ও ১৮ অক্টোবর দুটি প্রদর্শনী রয়েছে।
সিনেমাটির উৎসবযাত্রা নিয়ে রুবাইয়াত হোসেন বলেন, ‘আমি সত্যিই কৃতজ্ঞ যে ছবিটি সারা বিশ্বের এত মানুষের মনে সাড়া জাগাচ্ছে। চলচ্চিত্র উৎসবগুলো গুরুত্বপূর্ণ, কারণ যারা চলচ্চিত্রকে শিল্পমাধ্যম হিসেবে শ্রদ্ধা করেন, তারাই এসব উৎসবে আসেন। তারা যখন সিনেমা দেখেন, তখন তা শুধু বিনোদন হিসেবে দেখেন না, বরং এমন কিছু হিসেবে দেখেন, যা তাদের জীবনকে ভিন্নভাবে ভাবতে ও অনুভব করতে সাহায্য করে। তাই মাত্র এক মাসের মধ্যে এত বৈচিত্র্যময় দর্শকের সঙ্গে ছবিটি ভাগ করে নিতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ।’
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ রুবাইয়াত হোসেনের চতুর্থ পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এর আগে তিনি নির্মাণ করেছেন ‘মেহেরজান’, ‘আন্ডার কনস্ট্রাকশন’ ও ‘মেড ইন বাংলাদেশ’। ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমার জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। সিনেমাটিতে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, আজমেরী হক বাঁধন, দামির খান, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী। বাংলাদেশের খনা টকিজের সঙ্গে ফ্রান্স, পর্তুগাল, নরওয়ে ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।




