
দীর্ঘ নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারো শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ছোটপর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অসুস্থতার কারণে এই দীর্ঘ বিরতি নিতে হয়েছিল তাকে। বর্তমানে চিকিৎসা চললেও আগের তুলনায় শারীরিকভাবে অনেকটাই ভালো আছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি ফেসবুক লাইভে এসে নিজের শারীরিক অবস্থা ও অভিনয়ে ফেরার পরিকল্পনা নিয়ে কথা বলেন তানিয়া বৃষ্টি। এ সময় তিনি জানান, তার কেমোথেরাপি চলছে। ছয় মাসের চিকিৎসা পরিকল্পনার মধ্যে ইতোমধ্যে তিন মাস শেষ হয়েছে এবং বর্তমানে চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে।
লাইভে এক দর্শকের প্রশ্নের জবাবে তানিয়া বৃষ্টি বলেন, ‘এখন আমার কেমোথেরাপি চলছে। ছয় মাসের মধ্যে তিন মাস শেষ হলো, চতুর্থ মাসের কেমো চলছে। আরও দুই মাস এটা চলার পর কিছু টেস্ট করা হবে। সেটার পর ডাক্তার জানাবেন, পরবর্তী চিকিৎসা কী হবে।’ অসুস্থতার কারণে প্রায় নয় মাস শুটিং থেকে দূরে ছিলেন তানিয়া। তবে এখন শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ধীরে ধীরে কাজে ফেরার পরিকল্পনা করছেন তিনি।
অভিনয়ে ফেরার বিষয়ে তানিয়া বলেন, ‘আমার ইচ্ছা আছে। এই মাস থেকেই শুরু করতে চাই। কথাবার্তা চলছে। তবে কবে থেকে কাজ শুরু করব, সেটি এখনো চূড়ান্ত হয়নি।’ দীর্ঘ সময় শুটিং থেকে দূরে থাকার কারণ জানিয়ে তিনি বলেন, ‘আমি আসলে এই জন্য নয় মাসের মতো শুটিং করিনি, কারণ আমি অসুস্থ ছিলাম। এখনো আছি, তবে তখন একটু বেশি খারাপ ছিলাম। এখন অনেকটা ভালো আছি।’ ভক্তদের ভালোবাসা ও অনুপ্রেরণার কথাও উল্লেখ করেন তানিয়া। তিনি বলেন, ‘যারা আমাকে ভালোবাসেন, আমাকে সাপোর্ট দেন, আমার জন্য অপেক্ষা করেন, তাদের যেটা চাওয়া আমি সেটা করতে চাই। যদি এত মানুষ চান আমি করি, তাহলে আমি অবশ্যই করব।’
লাইভের শেষ দিকে অসুস্থতার সময় পাশে থাকা দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানান তানিয়া বৃষ্টি। যারা তার জন্য দোয়া করেছেন, নিয়মিত খোঁজ নিয়েছেন এবং অভিনয়ে ফেরার অপেক্ষায় ছিলেন, তাদের ধন্যবাদ জানান তিনি।
এদিকে অভিনয়ে ফেরার অপেক্ষায় থাকা তানিয়া বৃষ্টির হাতে রয়েছে ‘ট্রাইব্যুনাল’ নামের একটি সিনেমার কাজ। রায়হান খান নির্মিত সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করছেন তারিক আনাম খান, সাবেরী আলম, মৌসুমী হামিদ, সায়রা আক্তার জাহান, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য, অশোক ব্যাপারী, রাকিব হোসেন ইভন ও উপমা।




