
দীর্ঘ প্রায় দেড় দশক পর আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে বলিউডের দুই জনপ্রিয় তারকা শাহরুখ খান ও কারিনা কাপুর খানকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর একটি বিশেষ গানে একসঙ্গে পর্দায় হাজির হবেন তারা। এর মধ্য দিয়ে ‘রা. ওয়ান’ (২০১১)-এর পর ফের জুটি বাঁধছেন শাহরুখ-কারিনা।
ঘনিষ্ঠ সূত্রের বরাতে খবরটি প্রকাশ করেছে বলিউডভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলা। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ড্যাডি কুল’ শিরোনামের একটি বিশেষ গানে অংশ নেবেন শাহরুখ ও কারিনা। সিনেমার অন্যতম আকর্ষণ হিসেবে গানটি দর্শকদের নজর কাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্রের দাবি, চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় গানটির শুটিংয়ে অংশ নেবেন কারিনা। এ জন্য তিনি প্রায় পাঁচ দিন সময় দিয়েছেন। বড় বাজেট ও জমকালো আয়োজনে গানটির শুটিং করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।
তবে চমক এখানেই শেষ নয়। গানটির কণ্ঠশিল্পী হিসেবে আন্তর্জাতিক অঙ্গনের একজন তারকার নাম শোনা যাচ্ছে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে তার নাম প্রকাশ করা হয়নি। তবে বলিউডে গুঞ্জন, গানটিতে কণ্ঠ দিয়েছেন বিশ্বখ্যাত ব্রিটিশ পপ তারকা এড শিরান।
যদি গুঞ্জনটি সত্যি হয়, তাহলে শাহরুখ-কারিনার পুনর্মিলনের পাশাপাশি এড শিরানের কণ্ঠও ‘কিং’-এর এই বিশেষ গানকে ঘিরে বাড়তি আগ্রহ তৈরি করবে। ফলে সিনেমাটির মুক্তির আগেই গানটি নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে উঠতে পারে।
মজার বিষয় হলো, ‘ড্যাডি কুল’ গানে কারিনার সঙ্গে শাহরুখকে একেবারে নতুন রূপে দেখা যাবে। এর আগে ‘কাভি খুশি কাভি গম’ ও ‘ডন’-এর মতো সিনেমায় একসঙ্গে পর্দায় হাজির হয়েছেন এই দুই তারকা। তবে ‘কিং’-এ তাঁদের উপস্থিতি দর্শকদের মধ্যে নতুন করে উন্মাদনা সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, আগামী ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে ‘কিং’ সিনেমার নতুন কোনো ঝলক প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা। দর্শক-ভক্তরাও অপেক্ষায় আছেন, ২ নভেম্বর থেকে ‘কিং’-এর প্রচারণা শুরু হবে ভেবে।
সিনেমাটিতে শাহরুখের সঙ্গে আরও অভিনয় করেছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি ও রাঘব জুয়ালসহ একঝাঁক তারকা।




