
হলিউডের স্বর্ণযুগের অন্যতম পরিচিত মুখ এবং অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরি সেইন্ট মারা গেছেন। বিবিসি থেকে জানা যায় মঙ্গলবার বার্ধক্যজনিত কারণে লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। অভিনেত্রীর বয়স হয়েছিল ১০২ বছর। তার পরিবারের থেকে জেফ স্যান্ডারসন মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
অভিনয়জীবনের শুরুতেই বাজিমাত করেছিলেন ইভা মেরি সেইন্ট। ১৯৫৪ সালে পরিচালক এলিয়া কাজান-এর অপরাধভিত্তিক সিনেমা ‘অন দ্য ওয়াটারফ্রন্ট’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। সিনেমাটিতে মার্লন ব্র্যান্ডোর বিপরীতে এডি ডয়েলের চরিত্রে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন তিনি। এরপর ১৯৫৯ সালে তার ক্যারিয়ারে আসে আরেক মাইলফলক। কিংবদন্তি পরিচালক আলফ্রেড হিচকক-এর ‘নর্থ বাই নর্থওয়েস্ট’ সিনেমায় ক্যারি গ্রান্টের বিপরীতে অভিনয় করেন তিনি। সিনেমাটিতে ইভা মেরি সেইন্টের চরিত্র ইভ কেন্ডাল ছিল রহস্যময় ও আকর্ষণীয় এক নারী, যিনি গল্পের নায়ককে বিপদের মধ্যে টেনে নেন।
হিচককের সিনেমায় অভিনয়ের সুযোগ পেলেও শুরুতে তাকে এই চরিত্রের জন্য কিছুটা অপ্রত্যাশিত নির্বাচন হিসেবে দেখা হয়েছিল। অন্যদিকে ক্যারি গ্রান্ট ছিলেন নিজের সহ-অভিনেত্রীদের নিয়ে অত্যন্ত খুঁতখুঁতে। সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সেইন্ট জানিয়েছিলেন, গ্রান্ট তার চুল, মেকআপ, জুতা, গয়না, ব্যাগ ও গ্লাভস সবকিছু নিয়ে কাজ করতেন। তার মতে, সেই বাহ্যিক সাজসজ্জাই চরিত্রটির মধ্যে একজন গুপ্তচর নারীর অনুভূতি তৈরি করতে সাহায্য করেছিল।
এরপর পল নিউম্যান-এর সঙ্গে ‘এক্সোডাস’ এবং ওয়ারেন বিটির সঙ্গে ‘অল ফল ডাউন’-এর মতো সিনেমায় অভিনয় করেন তিনি। তবে একসময় অভিনয় থেকে দূরে সরে পরিবারকে সময় দেন। পরিচালক জেফ্রি হেইডেন-এর সঙ্গে তার দাম্পত্য জীবন স্থায়ী হয়েছিল ৬৫ বছর। দীর্ঘ বিরতির পর ২০০৬ সালে আবার বড় পর্দায় ফেরেন সেইন্ট। ‘সুপারম্যান রিটার্নস’ সিনেমায় সুপারম্যানের দত্তক মায়ের চরিত্রে অভিনয় করে নতুন প্রজন্মের দর্শকদের কাছেও পরিচিত হন তিনি। পরবর্তী সময়ে ‘উইন্টার্স টেল’ ও ‘ম্যারিয়েট ইন এক্সট্যাসি’তেও অভিনয় করেন।




