
চলচ্চিত্রের নতুন গানে কণ্ঠ দিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। মেহেদী হাসানের পরিচালনায় নির্মিতব্য ‘আলো’ চলচ্চিত্রের একটি গানে কণ্ঠ দিয়েছেন এ গায়ক। ‘আমার পৃথিবী আঁধার করে, আমার আলো চলে যায়’- এমন দুর্দান্ত কথার গানটি লিখেছেন ও সুর করেছেন কবির বকুল। বৃহস্পতিবার রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।
মনির খান বলেন, ক’দিন পর পরই নতুন গানে কণ্ঠ দেই। আজ ‘আলো’ চলচ্চিত্রের জন্য ‘আমার আলো চলে যায়’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিলাম। কবির বকুল ভাই বরাবরই অসাধারণ লিখেন ও সুর করেন। কথা ও সুর খুবই সুন্দর হয়েছে। বেশ দরদ দিয়ে গানটি গেয়েছি। আশা করছি শ্রোতাদের কাছে খুবই ভালো লাগবে। দর্শকরাও পর্দায় উপভোগ করবেন গানটি।
বর্তমানে নতুন নতুন গান রেকর্ড এবং দেশ-বিদেশে স্টেজ শো করে ব্যস্ত সময় পার করছেন তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়ক মনির খান।
উল্লেখ্য, গত আগস্টে দেশীয় সংগীতশিল্পীদের মধ্যে প্রথমবারের মতো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে এককভাবে ৩০ লাখ সাবস্ক্রাইবারের রেকর্ড গড়েছেন জনপ্রিয় গায়ক মনির খান। এক দশক সময়ে এই সাফল্য অর্জনে শ্রোতা, ভক্ত-শুভাকাঙ্ক্ষীসহ ইন্ডাস্ট্রির সহকর্মী গীতিকার-সুরকার-সংগীত পরিচালক, যন্ত্রশিল্পী এবং ভিডিওতে যারা ক্যামেরার পেছনে কাজ করেন এবং চ্যানেলটিতে কারিগরিভাবে যারা সহযোগিতা করেছেন- তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ‘অঞ্জনা’ খ্যাত এ গায়ক।




