
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আকস্মিক পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসক উপস্থিতি ও সেবার মান সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। তবে পরিবার পরিকল্পনা দপ্তরের এক সহকারী অনুপস্থিত থাকায় তাকে বদলির নির্দেশ প্রদান করেন।
রবিবার সকাল সাড়ে আটটার দিকে তিনি উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছান এরপর হাসপাতালের প্রতিটি ওয়ার্ড, রান্নার স্থান, ওয়াস রুম ঘুরে দেখেন। এছাড়া তিনি চিকিৎসকদের হাজিরা ও রোগীদের সাথে কথা বলে চিকিৎসার সেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। পরবর্তীতে পরিবার পরিকল্পনা দপ্তরে গিয়ে হাজিরা খাতায় পরিবার পরিকল্পনা সহকারী রিনা আক্তার নামে একজনকে অনুপস্থিত দেখতে পেয়ে তার বদলির নির্দেশ প্রদান করেন।
পরিদর্শন শেষে তিনি উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলে হাসপাতালের সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেন তিনি এখানে এসে খুব আনন্দিত হয়েছেন। এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার কথা বলেন। পূর্বের ৫০ শয্যার লোকবল নেই জানিয়ে ১৫১ সজ্জা করা হলে লোকবল পাওয়া যাবে কিনা পর্যাপ্ত এ বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন ইতিমধ্যে লোকবল নিয়োগের বিষয়েও কার্যক্রম হাতে নিয়েছেন তারা।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন তার একান্ত সচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার (যুগ্ম সচিব), উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জুলহাস হোসেন সৌরভ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান, চরভদ্রাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সফর আলী প্রমূখ।




