
পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে এসে নিজেদের সক্ষমতা ও সামর্থ্যের ওপর দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, ১৯৭১ সালে জাতি ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয় অর্জন করেছে। একইভাবে জাতীয় ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি আত্মনির্ভর, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষি খাতের উন্নয়ন ও কৃষকদের অধিকার সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারের সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় অনিয়ম এবং পুরোনো ডিলারদের কারসাজি বন্ধে প্রতিটি ইউনিয়নে নতুন করে সার ডিলার নিয়োগ দেওয়া হবে। এতে সারের কৃত্রিম সংকট নিরসনের পাশাপাশি কৃষকেরা ন্যায্যমূল্যে সার পাওয়ার সুযোগ পাবেন।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কার প্রসঙ্গে তিনি সাবেক কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলোর সমালোচনা করেন। তিনি কুইক রেন্টালকে ‘চোরের রেন্টাল’ হিসেবে আখ্যায়িত করে বলেন, বিগত সরকার জনগণের স্বার্থের পরিবর্তে লুটপাটের উদ্দেশ্যে এসব বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছিল।
জনদুর্ভোগ কমানো এবং হাসপাতালসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে বর্তমান সরকার সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।
মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস. এ জিন্নাহ কবীর খান, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান, মানিকগঞ্জ জেলা পরিষদের অ্যাডভোকেট জামিলুর রশিদ খানসহ স্থানীয় বিএনপি ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।




