
দেশে সেরিব্রাল পালসিতে আক্রান্ত প্রায় সাড়ে তিন লাখ শিশুর সমন্বিত চিকিৎসা, পুনর্বাসন ও সুরক্ষা নিশ্চিত করতে চলতি অর্থবছরেই ২২টি জেলায় সরকারি উদ্যোগে ‘শিশু স্বর্গ’ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, একটি গবেষণায় দেশে অন্তত সাড়ে তিন লাখ শিশু সেরিব্রাল পালসিতে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। অথচ দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান নিনসের বহির্বিভাগে গত বছর চিকিৎসা নেওয়ার সুযোগ পেয়েছে মাত্র ৩ হাজার ৩০০ শিশু। ফলে বিপুলসংখ্যক শিশু চিকিৎসা ও পুনর্বাসন সেবার বাইরে রয়েছে।
তিনি বলেন, পারিবারিক সীমাবদ্ধতা ও সামাজিক বাস্তবতার কারণে অনেক আক্রান্ত শিশু ঘরের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ে। রাষ্ট্র হিসেবে এসব শিশুর অধিকার, চিকিৎসা এবং মানবিক মর্যাদা নিশ্চিত করা জরুরি।
ড. এম এ মুহিত জানান, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে ২২টি জেলায় ‘শিশু স্বর্গ’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সরকারি উদ্যোগে রাজধানীর কড়াইল বস্তিতে ইতোমধ্যে একটি পাইলট প্রকল্প শুরু হয়েছে। সেখানে শনাক্ত হওয়া প্রায় ৩০০ শিশুকে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।
প্রত্যন্ত অঞ্চলের শিশুদের দ্রুত স্বাস্থ্যসেবার আওতায় আনতে ‘কমিউনিটি বেসড আর্লি কেস ডিটেকশন’ বা প্রাথমিক পর্যায়েই রোগ শনাক্তকরণ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও স্বাস্থ্যকর্মীরা প্রতিদিন বিপুলসংখ্যক রোগীকে সেবা দিয়ে যাচ্ছেন। প্রতিবন্ধী শিশুদের জন্য একটি সার্বজনীন, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।




