
মক্কার কাছে একটি হুথি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। মঙ্গলবার ড্রোনটি মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয় বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
এ ঘটনার সঙ্গে সম্পর্কিত দাবি করে ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে আকাশ থেকে একটি আলোকিত বস্তু নিচে পড়ে যেতে দেখা যায়।
ভিডিওটি পোস্ট করে কোথাও কোথাও দাবি করা হয়েছে, মক্কার দক্ষিণে হুতিদের একটি ড্রোন প্রতিহত করেছে সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
তবে যাচাই করে দেখা গেছে, ভিডিওটি মক্কার গত মঙ্গলবারের ঘটনার নয়। এটি এক বছর আগে সৌদির আরেক পবিত্র শহর মদিনায় ঘটে যাওয়া একটি ঘটনার ভিডিও।
ওই সময় বিভিন্ন সংবাদমাধ্যমেও ভিডিওটি নিয়ে খবর প্রকাশিত হয়েছিল। ভিডিওটি অন্তত ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে অনলাইনে রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের শতাধিক পেজ ও প্রোফাইলে আকাশ থেকে আলোকিত বস্তু নিচে পড়ে যাওয়ার দৃশ্যটি সম্প্রতি ছড়িয়ে পড়ে। এর মধ্যে একটি পেজেই ভিডিওটি ছয় লাখের বেশি বার দেখা হয়েছে। তবে রিভার্স ইমেজ সার্চ ও অনলাইন অনুসন্ধানে পাওয়া তথ্যে দেখা যায়, দৃশ্যটি ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর থেকেই ইন্টারনেটে বিদ্যমান।
‘ইসলাম চ্যানেল’ নামের ফেসবুক পেজসহ একাধিক মাধ্যমে গত বছর প্রকাশিত ভিডিওটির সঙ্গে সৌদি আরবের মদিনা এবং মসজিদে নববির কাছাকাছি আকাশে ঘটে যাওয়া একটি বিস্ফোরণের সম্পর্ক পাওয়া যায়।
২০২৫ সালের ১১ সেপ্টেম্বর ভোরে মদিনায় একটি অননুমোদিত ড্রোন শনাক্তের পর সেটি ভূপাতিত করা হয়েছিল। ওই সময় বিকট শব্দের পর আকাশ থেকে একটি উজ্জ্বল বস্তু নিচে পড়ে যেতে দেখা যায়।




