
মক্কার পবিত্র মসজিদুল হারামের মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আল মাদানি ইন্তেকাল করেছেন। সোমবার ভোররাতে তিনি ইন্তেকাল করেন। তার দেওয়া শেষ আজানও ছিল সোমবার ফজরের আজান।
মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তার আজান দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে ‘ইনসাইড দ্য হারামাইন’। ভিডিওটিতে সোমবার ভোররাতে মসজিদুল হারামে শেখ ইব্রাহিম আল মাদানিকে আজান দিতে দেখা যায়। সোমবার আসরের নামাজের পর মসজিদুল হারামেই তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে মক্কার আল-মুয়াল্লা কবরস্থানে তাকে দাফন করা হবে।
১৯৭৬ সালে মদিনায় জন্মগ্রহণ করেন শেখ ইব্রাহিম আল মাদানি। ধর্মীয় আবহে বেড়ে ওঠার পেছনে তার পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিশেষ করে তার দাদার প্রভাব ছিল উল্লেখযোগ্য। তার দাদা ছিলেন একজন হাফেজ। পরবর্তী সময়ে শেখ ইব্রাহিম কুরআন বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষাও গ্রহণ করেন।
মাত্র ১৫ বছর বয়সে মদিনার একটি স্থানীয় মসজিদে আজান দেওয়ার মাধ্যমে মুয়াজ্জিন হিসেবে তার পথচলা শুরু হয়। কলেজজীবন শেষ হওয়া পর্যন্ত স্থানীয় আরও তিনজনের সঙ্গে পালাক্রমে তিনি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে মদিনার বাইরে শিক্ষকতার কাজে যুক্ত হওয়ায় কিছু সময়ের জন্য আজান দেওয়ার দায়িত্ব থেকে বিরত থাকেন তিনি। তবে ১৪২৮ হিজরি সালে ‘মসজিদ আল-মাদদাহ’-এ আজান দেওয়ার জন্য তাকে আবার আমন্ত্রণ জানানো হয়। সেখানে দায়িত্ব পালনের পর মক্কার গ্র্যান্ড মসজিদের মুয়াজ্জিন হওয়ার সুযোগ পান তিনি। ১৪৩৯ হিজরিতে তাকে আনুষ্ঠানিকভাবে মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেওয়া হয়।
মদিনায় বেড়ে ওঠার কারণে তার আজানের পরিবেশনে মদিনার ঐতিহ্যবাহী আজানশৈলীর প্রভাব ছিল। একই সঙ্গে বাবার সঙ্গে মক্কায় যাতায়াতের সুবাদে তিনি মক্কার নিজস্ব আজানশৈলীর সঙ্গেও পরিচিত হয়ে ওঠেন।




