
ভিসায় অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় এ সতর্কতা জানায় দূতাবাস।
বার্তায় বলা হয়, একটি মার্কিন ভিসা যুক্তরাষ্ট্রে প্রবেশের নিশ্চয়তা দেয় না। দেশটিতে প্রবেশের সময় কতদিন অবস্থান করা যাবে এবং কী কী শর্ত প্রযোজ্য হবে, তা নির্ধারণ করেন প্রবেশস্থলের দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা।
দূতাবাস জানায়, কেউ যদি অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করেন অথবা ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয়—এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হন, তাহলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে তার ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।
তাই ভিসার শর্ত ও অনুমোদিত সময়সীমা যথাযথভাবে মেনে চলার দায়িত্ব ভিসাধারীর নিজের বলে সতর্ক করেছে মার্কিন দূতাবাস।




