
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আগামী শনিবার (২৬ সেপ্টেম্বর) পর্যন্ত পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। গুরুত্বপূর্ণ কয়েকটি রাজ্যে নির্বাচন সামনে রেখে ভোটার তালিকায় পরিবর্তন নিয়ে বিরোধের মধ্যেই দলটি এ কর্মসূচি ঘোষণা করেছে। খবর সামা টিভির।
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, আগামী ২ অক্টোবর মুম্বাই থেকে আন্দোলন শুরু হবে। পর্যায়ক্রমে ভারতের অন্যান্য শহরেও এ কর্মসূচি ছড়িয়ে দেওয়া হবে।
এর আগে শুক্রবার ভারতের বিভিন্ন অঞ্চলে প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতাকর্মীরা জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকটি স্থানে আন্দোলনকারীদের সরিয়ে দিতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।
২ অক্টোবর থেকেই কেন আন্দোলন?
গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সিজেপি জ্ঞানেশ কুমারকে পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেয়। দলটির পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না হলে ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন থেকে দেশব্যাপী আন্দোলন শুরু করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিজিৎ দীপকে বলেন, প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করলে ২ অক্টোবর মুম্বাই থেকে আন্দোলনের সূচনা হবে এবং পরে তা দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে দেওয়া হবে।
সিজেপির অভিযোগ, নির্বাচন কমিশনের বিভিন্ন পদক্ষেপে ভোটারদের অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। দলটির দাবি, ভোটার তালিকায় করা পরিবর্তনের ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সুবিধা পেতে পারে। তবে এসব অভিযোগের পক্ষে এখনো কোনো প্রমাণ প্রতিষ্ঠিত হয়নি।
অন্যদিকে নির্বাচন কমিশনের বক্তব্য, একাধিক সদস্যের সমন্বয়ে পরিচালিত একটি প্রতিষ্ঠানে কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্য থাকা স্বাভাবিক। কমিশন দাবি করেছে, তাদের গৃহীত সব পদক্ষেপ আইন ও বিধি মেনেই করা হয়েছে।
‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর একটি প্রতিবেদনের পর বিষয়টি আরও আলোচনায় আসে। ওই প্রতিবেদনে বলা হয়, ভোটার তালিকা ব্যবস্থাপনা সংক্রান্ত কিছু সিদ্ধান্ত নিয়ে অন্য নির্বাচন কমিশনাররা প্রশ্ন তুলেছিলেন।
কংগ্রেসসহ ভারতের আরও কয়েকটি বিরোধী দলও নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির সঙ্গে যোগসাজশ করে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ করেছে। তবে নির্বাচন কমিশন এবং ক্ষমতাসীন বিজেপি—দুই পক্ষই এসব অভিযোগ অস্বীকার করেছে।




