
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পুলিশের একটি চেকপোস্টে আত্মঘাতী হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩০ জন। শনিবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় এ হামলা হয় বলে পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন।
প্রাদেশিক জরুরি সেবা বিভাগের মুখপাত্র বিলাল ফাইজি জানিয়েছেন, সড়কের পাশে থাকা পুলিশ চেকপোস্টে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে হামলা চালায় আত্মঘাতী বোমারু।
পুলিশ জানিয়েছে, নিহত ও আহতদের কাছের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। এক বিবৃতিতে সংগঠনটি এ দাবি করেছে।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সশস্ত্র হামলা বেড়েছে। এসব হামলার অনেকগুলোর দায় স্বীকার করেছে টিটিপি এবং নিষিদ্ধ বালুচ বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)। প্রতিবেশী বালুচিস্তান প্রদেশে মূলত সক্রিয় এই সংগঠনটি পাকিস্তান থেকে বিচ্ছিন্নতার দাবি করে আসছে।




