
শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল। নিউইয়র্ক ও বোস্টনসহ বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি, ঝোড়ো বাতাস ও উপকূলীয় প্লাবন দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় নিউইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, ভার্জিনিয়া থেকে মেইন পর্যন্ত বিস্তৃত এলাকায় ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টির পাশাপাশি উপকূলীয় নিচু এলাকাগুলোতে বন্যার আশঙ্কা রয়েছে। পূর্ণিমার প্রভাবে জলোচ্ছ্বাস আরও তীব্র হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
নিউইয়র্কে ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ মাইল বেগে বাতাস বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়াসহ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। ঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে এক লাখের বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন।
ঝড়ের প্রভাব পড়েছে বিমান চলাচলেও। ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শনিবার যুক্তরাষ্ট্রে ২ হাজার ৪০০টির বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং ১ হাজার ১৯৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
প্রতিকূল আবহাওয়ার কারণে এড শিরানের কনসার্টসহ বেশ কয়েকটি ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল বা স্থগিত করা হয়েছে। নিউইয়র্কের ‘গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল’ও বাতিল করা হয়েছে। এতে লরিন হিল, ওয়াইক্লেফ জিন ও জন লেজেন্ডের পরিবেশনের কথা ছিল।
আবহাওয়া পরিস্থিতির অবনতি অব্যাহত থাকায় উপকূলীয় ও নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ঝড়ের সময় অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।




