
যুদ্ধ পরিস্থিতির মধ্যেও মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানি যুদ্ধ শুরুর আগের গড় মাত্রাকে ছাড়িয়ে গেছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সাত দিনের মধ্যে চার দিনই এ অঞ্চলের তেল রপ্তানি ছিল যুদ্ধপূর্ব গড়ের চেয়ে বেশি।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের প্রাথমিক তথ্যের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ সেপ্টেম্বর এবং ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর—এই চার দিনে মধ্যপ্রাচ্য থেকে প্রতিদিন ১ কোটি ৯৫ লাখ থেকে ২ কোটি ২৫ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধ শুরুর আগের এক বছরে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানির দৈনিক গড় ছিল প্রায় ১ কোটি ৮০ লাখ ব্যারেল। কেপলারের তথ্য অনুযায়ী, ১ অক্টোবর পর্যন্ত সাত দিনের চলতি গড় হিসাবেও তেল রপ্তানি বেড়ে দৈনিক প্রায় ১ কোটি ৮৫ লাখ ব্যারেলে পৌঁছেছে। এই হিসাবের আওতায় রয়েছে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহণ, লোহিত সাগর হয়ে জাহাজ চলাচল, বিভিন্ন টার্মিনাল থেকে রপ্তানি এবং ওমান সাগরে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তর।
মধ্যপ্রাচ্যে ট্যাংকারে হামলার ঘটনা বাড়তে থাকার সময়েই তেল রপ্তানির এই ঊর্ধ্বগতি দেখা গেল। জাহাজ চলাচলবিষয়ক গোয়েন্দা প্রতিষ্ঠান মারিস্কসের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালিতে এখন পর্যন্ত সাতটি হামলার ঘটনা ঘটেছে।




