
প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে সৌদি আরব। দেশটিতে কর্মরত অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীরা এখন কাজের ভিসার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই তাদের পরিবারের যোগ্য সদস্যদের সৌদি আরবে আনার প্রক্রিয়া শুরু করতে পারবেন। নতুন এ ব্যবস্থায় স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলেসন্তান এবং অবিবাহিত মেয়েসন্তানকে সৌদি আরবে নেওয়ার সুযোগ থাকছে।
সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৬ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। এর ফলে অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের জন্য পরিবার নিয়ে সৌদি আরবে বসবাসের প্রক্রিয়া আরও সহজ হলো।
নতুন নিয়ম অনুযায়ী, যোগ্য বিদেশি কর্মীদের কাজের ভিসা প্রক্রিয়া শেষ হওয়ার আগেই তাদের পরিবারের সদস্যদের সৌদি আরবে আনার উদ্যোগ নেওয়া যাবে। এ ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হবে।
সৌদি সরকারের এ উদ্যোগের অন্যতম লক্ষ্য দেশটিতে বসবাসরত মানুষের জীবনযাত্রার মান উন্নত করা এবং দক্ষ ও মেধাবী বিদেশি কর্মীদের জন্য ভিসা-সংক্রান্ত প্রক্রিয়া আরও সহজ করা।
নতুন ব্যবস্থার আওতায় যোগ্য বিদেশি কর্মীরা তাদের স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলেসন্তান এবং অবিবাহিত মেয়েসন্তানকে সৌদি আরবে নিয়ে আসার সুযোগ পাবেন। ফলে কর্মসংস্থানের পাশাপাশি পরিবারকে সঙ্গে নিয়ে সৌদি আরবে বসবাসের ক্ষেত্রে দক্ষ বিদেশি কর্মীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলল।
সংবাদমাধ্যম বলছে, পরিবারের যোগ্য সদস্যদের প্রবেশ ভিসা বিদেশি কর্মীর ওয়ার্ক ভিসার প্রক্রিয়া চলার সময়ই দেয়া যাবে। তবে এ জন্য আবেদনের সব শর্ত পূরণ করতে হবে। অর্থাৎ পরিবারকে সৌদি আরবে আনার প্রক্রিয়া শুরু করার আগে নিজের ওয়ার্ক ভিসা পুরোপুরি সম্পন্ন হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না।
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসী কর্মীদের পরিবারের সদস্যরা সৌদি আরবে পৌঁছানোর পর দেশটির প্রচলিত আইন ও বিধি অনুযায়ী তাদের বসবাসের অনুমতিপত্র বা রেসিডেন্স পারমিট দেয়ার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।




