
পশ্চিমবঙ্গে মাদ্রাসায় শিক্ষক নিয়োগের পৃথক ব্যবস্থা তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে সরকারি ও অনুদানপ্রাপ্ত মাদ্রাসায় শিক্ষক নিয়োগের দায়িত্ব স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) ইটিভি ভারতের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, মাদ্রাসা সার্ভিস কমিশনকে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে যুক্ত করা হচ্ছে। ফলে মাদ্রাসার শিক্ষক নিয়োগের জন্য আলাদা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা থাকছে না।
এ বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদ্রাসা সার্ভিস কমিশনকে বিলুপ্ত করে এর নিয়োগ কার্যক্রম স্কুল সার্ভিস কমিশনের অধীনে নেওয়া হবে।
তবে সিদ্ধান্তটি পুরোপুরি কার্যকর করতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। মাদ্রাসা সার্ভিস কমিশন আইন বাতিলের পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের আইনেও প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে। এ জন্য বিধানসভায় বিল আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৮ সালে মাদ্রাসা সার্ভিস কমিশন আইন প্রণয়নের পর থেকে ওই কমিশনের মাধ্যমেই মাদ্রাসায় শিক্ষক নিয়োগ হয়ে আসছিল। এবার শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন এনে সব নিয়োগ একটি কমিশনের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।




