
উত্তর-কেন্দ্রীয় নেপালে বুধিগণ্ডী নদীর আকস্মিক বন্যায় ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা ভেসে যাওয়ার পর নদীর তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। রোববার (১১ অক্টোবর) এ আকস্মিক বন্যা আঘাত হানে। খবর-দ্যা হিন্দু
ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি অবিলম্বে গ্রামবাসীদের সরিয়ে নেয় এবং রোববার গভীর রাত পর্যন্ত সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। রাজধানী কাঠমান্ডুর নিকটবর্তী এবং ত্রিশূলী নদীর সঙ্গে মিলিত হওয়া এই বুধিগণ্ডী নদীতে কেন হঠাৎ এমন বন্যা দেখা দিলো, তা খতিয়ে দেখছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, সুউচ্চ পাহাড়ের বুক চিরে বয়ে চলা করালগ্রাসী নদীর স্রোতে একের পর এক বাড়িঘর ও অবকাঠামো ভেসে যাচ্ছে। পাহাড়ি অঞ্চলের একাধিক ছোট গ্রাম এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। বিশেষ করে কাঠমান্ডু সংযোগকারী মহাসড়কের তীরবর্তী শহর আরুঘাটে সরকারি সতর্কবার্তার পর দ্রুত মানুষ নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হয়।
চলতি বছরের আগস্ট মাসে নেপাল-চীন সীমান্ত অঞ্চলে ঘটে যাওয়া এক ভয়াবহ বন্যায় ১,৪০০-এরও বেশি মানুষের মৃত্যু এবং হাজার হাজার মানুষ নিখোঁজ হওয়ার বিপর্যয় এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি হিমালয়ের এই দেশটি।




