
চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং’ নেতা ওয়াকিল হোসেন ওরফে বগাকে খুঁজে পায়নি পুলিশ। এর মধ্যে চাঁদাবাজির একটি মামলায় রবিবার (১৮ অক্টোবর) আদালতে আত্মসমর্পণ করেছেন তিনি। জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রবিববার দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান ওয়াকিল। শুনানি শেষে আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
নগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) হাসান ইকবাল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চাঁদাবাজির একটি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন ওয়াকিল হোসেন বগা। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
ওয়াকিল নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গত ৮ জুন তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও দখলসহ বিভিন্ন অভিযোগে ২৩টি মামলা রয়েছে। পুলিশের দাবি, একাধিক কিশোর গ্যাং নিয়ন্ত্রণের পাশাপাশি দলীয় প্রভাব কাজে লাগিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালাতেন ওয়াকিল।
গত ৬ অক্টোবর নগরের টাইগারপাস এলাকার সিটি করপোরেশন ভবনে ওয়াকিলের অবস্থানের খবর পেয়ে তাকে ধরতে সেখানে যান পুলিশ সদস্যরা। তবে অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি।
পরদিন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ওয়াকিল নগর ভবনে ছিলেন না। তার দুই ভাই তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। ওই সময় ওয়াকিলকে সন্ত্রাসী নয়, ‘জুলাইযোদ্ধা’ বলে দাবি করেন মেয়র। একই সঙ্গে খুলশী থানার তৎকালীন ওসি আবদুর রহিমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন তিনি।
এরপর আবদুর রহিমকে খুলশী থানা থেকে সরিয়ে নগর পুলিশের সিটিএসবি শাখায় বদলি করা হয়। পরদিন তাকে চট্টগ্রাম থেকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি করা হয়।




