
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ফায়েজ বিন মোহাম্মদ মোখতার ও হাজওয়ান বিন হাসনল উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও খোলামেলা মতবিনিময় হয়। এ সময় দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে মালয়েশিয়ার হাইকমিশনার জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি বাংলাদেশের চলমান জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সম্ভাব্য সহযোগিতা এবং রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
এ ছাড়া দুই দেশের পারস্পরিক স্বার্থ, উন্নয়ন ও অগ্রগতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বৈঠকে উঠে আসে। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন দুই পক্ষের প্রতিনিধিরা।
সাক্ষাৎকালে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।




