
বাংলাদেশ-মায়ানমার সীমান্তে বিজিবির নজরদারি ও অপারেশনাল সক্ষমতা আরও জোরদার করতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ও হাতুরানী টিলা এলাকায় নবনির্মিত ২টি টিওবি (Temporary Operational Base) উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সকালে বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন টিওবি দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনকালে রিজিয়ন কমান্ডার টিওবি দুটির বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং সেখানে দায়িত্বরত বিজিবি সদস্যদেরকে সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
রিজিয়ন কমান্ডার বলেন, নবনির্মিত টিওবি দুটির মাধ্যমে বাংলাদেশ-মায়ানমার সীমান্তে বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল হবে। পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্তবর্তী জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবির সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।বিশেষ করে দুর্গম ও ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দ্রুত প্রতিক্রিয়া জানানো সম্ভব হবে।
অনুষ্ঠানে বিজিবির রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আনোয়ার-উল-আলম এবং কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলমসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।




