
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। বুধবার স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে স্পিকার বলেন, বাংলাদেশ ও জার্মানির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে জার্মানির পর্যবেক্ষক দলের উপস্থিতি দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।
স্পিকার বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা, আইনের শাসন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বারবার আত্মত্যাগ করেছে।
জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বলেন, বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে যেতে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় জার্মান সরকার বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছে।
সাক্ষাৎকালে বাংলাদেশ-জার্মানি সংসদীয় কমিটি গঠন, মৈত্রী গ্রুপের মাধ্যমে সংসদীয় কূটনীতি জোরদার এবং দুই দেশের অর্থনৈতিক ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
এ সময় বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধান এবং সার কারখানা স্থাপনের সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়। বাংলাদেশের সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় তেল-গ্যাস সম্পদ অনুসন্ধানে জার্মান বিশেষজ্ঞদের সহযোগিতা কামনা করেন স্পিকার।
তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নয়নে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ক্ষেত্রে জার্মানির প্রযুক্তিগত ও বিশেষজ্ঞ সহায়তা গুরুত্বপূর্ণ হতে পারে।
সাক্ষাতে জার্মান দূতাবাসের প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




