
দেশের চলচ্চিত্র শিল্পকে নতুনভাবে বিকশিত ও শক্তিশালী করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করছে সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পের উন্নয়নে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে চলচ্চিত্র শিল্পের উন্নয়নে করণীয়, বাস্তবায়ন কৌশল এবং প্রয়োজনীয় সরকারি সহযোগিতাসহ একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করে তা উপস্থাপন করা হবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি)-তে ‘ফিল্ম ডিরেক্টরস ডে ২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার শুধু এফডিসির অবকাঠামোগত উন্নয়ন নয়, দেশের সামগ্রিক চলচ্চিত্র শিল্পের বিকাশকে গুরুত্ব দিয়ে কাজ করছে। অতীতে বাংলাদেশের চলচ্চিত্রে যেসব গুণী পরিচালক, প্রযোজক, অভিনেতা ও অভিনেত্রী অসাধারণ অবদান রেখেছেন, তাদের ঐতিহ্যকে সামনে রেখে চলচ্চিত্রের মান ও সক্ষমতা আরও বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি বিভিন্ন উদ্যোগের মাধ্যমে চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও দপ্তরগুলোকে আরও কার্যকর করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এফডিসির উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির বিষয়টিও থাকবে।
চলচ্চিত্র শিল্পের গুণীজনদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, চলচ্চিত্র শিল্পের উন্নয়নে নেতৃত্ব দেবেন এ শিল্পের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত অভিজ্ঞ ও গুণী ব্যক্তিরাই। সরকার তাদের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করবে।
চলচ্চিত্র অঙ্গনের মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও মতবিনিময়ের আগ্রহ থেকেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, অতীতেও তিনি এফডিসিতে এসেছেন এবং ভবিষ্যতেও চলচ্চিত্র শিল্পের মানুষদের সঙ্গে নিয়ে ও তাদের পাশে থেকে কাজ করবেন।
এর আগে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ‘ফিল্ম ডিরেক্টরস ডে ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন স্বাগত বক্তব্য দেন।
চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের জন্য ফরিদুর রেজা সাগর, বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন, মাসুদ পারভেজ, এ জে মিন্টু, কাজী হায়াৎ, দেলোয়ার জাহান ঝন্টু, ড. মতিন রহমান, মসিহ উদ্দিন শাকেরসহ বেশ কয়েকজন গুণী ব্যক্তিকে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে অতিথি ও দর্শকদের অনুরোধে বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা তানি, পরিচালক সমিতির মহাসচিব শাহীন কবির টুটুলসহ চলচ্চিত্র অঙ্গনের গুণীজন, পরিচালক, প্রযোজক, শিল্পী, কলাকুশলী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




