
পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। এসবির (স্পেশাল ব্রাঞ্চ) প্রধান, ট্যুরিস্ট পুলিশের প্রধান, ঢাকা রেঞ্জ ও সারদা পুলিশ একাডেমির গুরুত্বপূর্ণ পদে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত আইজিপি হিসেবে সদ্য পদোন্নতি পাওয়া মো. কামরুল আহসানকে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে সারদার প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে, এসবির বর্তমান প্রধান সরদার নুরুল আমিনকে পুলিশ অধিদফতরে বদলি করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশের প্রধান মাইনুল হাসানকে সারদার প্রিন্সিপাল হিসেবে বদলি করা হয়েছে।
সম্প্রতি অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়া ঢাকা রেঞ্জের ডিআইজি ইকবাল হোসেনকেও পুলিশ অধিদফতরে পদায়ন করা হয়েছে।
নতুন আদেশের মাধ্যমে পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের এসব পদে দায়িত্ব ও পদায়নে পরিবর্তন আনা হলো।




