
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযানে ভারতীয় একটি ট্রাক, ট্রাকের ৭০৮টি যন্ত্রাংশ, ৫টি বেনারসি শাড়ি, ১৩৫টি ভারতীয় চোরাই মোবাইল ফোন ও একটি ইজিবাইক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক সিজারমূল্য ৩ কোটি ৬ লাখ ৯৪ হাজার টাকা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে এবং বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, বুধবার রাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি টহলদল শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর এলাকায় অভিযান চালায়। সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর কলেজের সামনে পাকা সড়কে একটি ভারতীয় ট্রাক দেখতে পেয়ে সেটিকে ধাওয়া করা হয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাকের চালক গাড়িটি সড়কে রেখে পালিয়ে যান। পরে ট্রাকটি তল্লাশি করে পাথরের মধ্যে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ভারতীয় ট্রাকের ৭০৮টি বিভিন্ন যন্ত্রাংশ ও ৫টি বেনারসি শাড়ি উদ্ধার করা হয়। একই সঙ্গে রেজিস্ট্রেশন নম্বরবিহীন ট্রাকটিও জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক সিজারমূল্য ২ কোটি ৫৭ লাখ ৭৯ হাজার টাকা।
অন্যদিকে, বৃহস্পতিবার সকালে খড়কপুর বিওপির নায়েব সুবেদার মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল ভোলাহাট উপজেলার আলীমোড় এলাকায় অভিযান চালায়। সীমান্ত পিলার ২০১/৮৩-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট-রহনপুর সড়কে একটি ইজিবাইককে থামার সংকেত দেওয়া হলে চালক ইজিবাইকটি ফেলে পালিয়ে যান।
পরে ইজিবাইকটি তল্লাশি করে ভারতীয় বিভিন্ন মডেলের ১৩৫টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। ইজিবাইকটিও জব্দ করা হয়েছে। এসব মালামালের আনুমানিক সিজারমূল্য ৪৯ লাখ ১৫ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, জব্দ করা মালামাল আইনানুগ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




